টাঙ্গাইল, ১৪ আগষ্ট: মির্জাপুর উপজেলায় এক পুলিশ দম্পতির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত হয়েছেন। এ ছাড়া ওই কর্মকর্তাও গুরুতর আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার বাওয়ার কুমারজানী গ্রামে এ ঘটনা ঘটে। ওই পুলিশ দম্পতি হলেন কুমারজানী গ্রামের মামুন ও তার স্ত্রী শিল্পী বেগম।
পুলিশ ও এলাকাবাসী জানান, গাজীপুর শিল্প পুলিশে কর্মরত পুলিশের এএসআই মামুন কয়েকদিন আগে ছুটিতে বাড়ি আসেন। সোমবার দুপুরে খাওয়ার পর মামুন তার কক্ষে ঘুমিয়ে পড়েন। বিকাল সাড়ে চারটার দিকে দুর্বৃত্তরা তার কক্ষে ঢুকে তাকে এবং তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্ত্রী শিল্পী বেগম মারা যান। মামুনের অবস্থাও আশঙ্কাজনক বলে কুমুদিনী হাসপাতালের প্রশাসক অনিমেশ ভৌমিক জানান।
এদিকে এ ঘটনার প্রত্যক্ষদর্শী মামুনের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছেলে মোয়াজ বিন মামুনের দেয়া তথ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মামুনের পিতা আবুল কাশেম ও মা অজুফা বেগমকে আটক করেছে পুলিশ।
পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে বলে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হকের ধারণা।