সিসি ডেস্ক, ২৬ সেপ্টেম্বর: ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান (ফ্লাইট নম্বর- বিএস ১৪৩) চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফ্লাইটটির ল্যান্ডিং গিয়ার নামছিল না বলে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমকে জানিয়েছেন ফ্লাইটের পাইলট।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই জাহান বলেন, বোয়িং ৭৩৭ বিমানটির নোজ গিয়ার নামছিল না। এ কারণে কক্সবাজারে নামতে না পেরে চট্টগ্রামে আসে। নোজ গিয়ার না নামিয়েই এখানে নিরাপদে ল্যান্ড করেছে। আরোহীরা সবাই নিরাপদে আছে।
অবতরণের পর ফ্লাইটটিকে ফায়ার ব্রিগেডসহ বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ঘিরে রেখেছে। একইসঙ্গে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই বিমান কর্তৃপক্ষ যাত্রীদের উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শাহ আমানত বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আজমি।