চুয়াডাঙ্গা, ডিসেম্বর।। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মাঠে দুই দল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে শীর্ষ মাদক ব্যাবসায়ী ঝন্টু (৪০) ও তালিকাভুক্ত সন্ত্রাসী ধুলো (৪৩) নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার গোবিন্দহুদা গ্রামের একটি মাঠে এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত ধুলো চারুলিয়া গ্রামের শমসের আলীর ছেলে ও ঝন্টু দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, উপজেলার গোবিন্দহুদা গ্রামে দুই পক্ষের গোলাগুলি চলছে এমন খবর পেয়ে রাত ১টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী ঝন্টু ও সন্ত্রাসী ধুলোর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়। পরে ঘটনাস্থল থেকে নিহত দুইজনের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
তিনি আরও জানান, নিহত ঝন্টু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। নিহত অপর সন্ত্রাসী ধুলো চারুলিয়ার কুখ্যাত চরমপন্থী। তার বিরুদ্ধে ৬ টি হত্যাসহ একডজনেরও বেশি মামলা রয়েছে।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি একটি এলজি, দুই রাউন্ড গুলি, চারটি হাতবোমা, দেশীয় রামদা ও তিন বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার আবু রাসেল জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে গোলাগুলিতে ঝন্টু ও ধুলো নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।