সিসি নিউজ, ৮ এপ্রিল।। ফেনীতে আগুনে ঝলসে দেয়া শিক্ষার্থী নুসরাত জাহানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য নুসরাতকে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা মেডিকেলে চিকিৎসারত নুসরাতের ভোর থেকে শ্বাসকষ্ট শুরু হয়। পরে ৯ সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। ধীরে ধীরে নুসরাতের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক ডা. সামন্ত লাল সেন। তার শরীরের ৮০ শতাংশের বেশী পুড়ে গেছে।
নূসরাতকে দেখতে সোমবার বিকেলে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এসময় নুসরাতের উন্নত চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। আইসিউ এর বাইরে অপেক্ষায় আছেন নুসরাতের স্বজন। তাদের অভিযোগ, নুসরাতকে হত্যার পরিকল্পনা করেন মাদ্রাসা অধ্যক্ষ।
এদিকে ফেনীর পুলিশ সুপার জানিয়েছেন, নুসরাতকে আগুনে ঝলসে দেয়ার ঘটনায় হত্যাচেষ্টা মামলা করেছে পরিবার। এরই মধ্যে গ্রেপ্তারও হয়েছে ৭ জন।
শনিবার আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান নূসরাত। সেখানে বোরখা পরা কয়েকজন তাকে অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা তুলে নেয়ার চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।