সিসি ডেস্ক, ৩০ জুলাই ।। রাজধানীসহ দেশের ৫১টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। এদিকে, ডেঙ্গুর পরীক্ষায় সরকার নির্ধারিত টাকা রাখা হচ্ছে কিনা দেখতে হাসপাতালে অভিযান চালানো হচ্ছে। অনিয়ম ও বেশি টাকা রাখায় সোমবার রাজধানীতে জরিমানা করা হয়েছে তিনটি প্রতিষ্ঠানকে।
রাজধানীর পাশাপাশি ডেঙ্গু আতঙ্ক এখন সারা দেশে। রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রায় এগারো শ জন। এখন পর্যন্ত দেশের ৫১ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এমন পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক বেসরকারি হাসপাতাল ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে রোববার পরীক্ষার ফি সর্বোচ্চ ৫০০ টাকা বেঁধে দেয় স্বাস্থ্য বিভাগ।
এই নির্দেশনা মানা হচ্ছে কিনা তা তদারকির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই সরকার নির্ধারিত ফি-তেই রক্ত পরীক্ষা করা হচ্ছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া যায়।
অনিয়ম ও বেশি টাকা নেয়ার অভিযোগে ধানমন্ডির পপুলার ডায়গনোস্টিক, উত্তরার ক্রিসেন্ট ও লুবানা হাসপাতালকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
এদিকে, ঢাকা মেডিকেলে আরও এক ডেঙ্গু রোগী মারা গেছেন। এ নিয়ে চলতি মাসে ঢাকা মেডিকেলে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬-এ।