জয়পুরহাট, ৩০ জুলাই।। জয়পুরহাট শহর থেকে নিখোঁজের ১২ ঘন্টা পর সোমবার রাত ১০ টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদী থেকে স্কুল ছাত্রীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত স্কুল ছাত্রী রিতু পাল জেলা শহরের সবুজ নগর এলাকার বিশ্বজিৎ পালের মেয়ে ও সদর উপজেলা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী।
পুলিশ জানায়, রিতু প্রতি দিনের মত সোমবার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া না গেলে রিতুর বাবা সদর থানায় একটি সাধারন ডায়েরী করেন।
পরে একই দিন রাত ১০ টার দিকে পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর তীরবর্তী এলাকার শ্মশানঘাটের কাছে একটি মেয়ের ভাসমান মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাটি জানাজানি হওয়ায় সেখানে গিয়ে মৃতদেহটি রিতুর বলে সনাক্ত করেন তার স্বজনরা।
নাম প্রকাশে অনেচ্ছুক রিতুর সহপাঠিরা জানান, সে স্কুলে এসে শ্রেনি কক্ষে শুধু ১টি বিষয়ে লেখাপড়া শেষে তড়িঘড়ি করে স্কুল থেকে চলে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনার কোন ক্লু বা কারন উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে শহরের বিভিন্ন পয়েন্টে পৌর কর্র্তৃপক্ষের স্থাপন করা সিসি ক্যামেরা দেখে জানা যায়, রিতু একাই একটি ব্যাটারী চালিত ভ্যানযোগে কোথাও যাচ্ছিল। সম্ভবতঃ এরপরই নিখোঁজ হয়, যত শীঘ্র সম্ভব এই নিখোঁজ ও মৃত্যুর কারন উদ্ধার করা হবে বলেও জানান ওসি।