সিসি নিউজ, ৩ আগষ্ট।। নীলফামারীর সৈয়দপুরে ডেঙ্গু রোগের জীবানু এনএস-১ সনাক্ত পরীক্ষায় অতিরিক্ত ফি নেয়ায় একটি ল্যাবের অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার রাতে শহরের শহীদ তুলসীরাম সড়কস্থ পপুলার ল্যাবে ওই ঘটনা ঘটে।
সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী এলাকার বাড়াইশাল পাড়ার আবুল কালামের পুত্র মেহেদী হাসান (১৮)। সম্প্রতি এইচএসসি পরীক্ষা শেষে সংসারের অভাব মেটাতে গত ১০ জুলাই ঢাকায় যান মেহেদী। রাজধানীর মিরপুরে একটি কোম্পানীতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে গিয়ে জ্বরে আক্রান্ত হয় সে। গতকাল শুক্রবার জ্বর নিয়ে বাড়িতে এসে আজ সন্ধ্যায় শহরের বিশিষ্ট চিকিৎসক ডা. শেখ নজরুল ইসলামের শরণাপন্ন হয়। চিকিৎসক তাকে ডেঙ্গু রোগ সনাক্ত করতে এনএস-১ টেস্ট করতে পপুলার ল্যাবে পাঠায়। ল্যাব কর্তৃপক্ষ সরকার কর্তৃক নির্ধারিত ওই টেস্টের মূল্য ৫ শত টাকার স্থলে ১২ শত টাকা গ্রহন করে।
ঘটনাটি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই ল্যাবে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। এ সময় ল্যাবের বোর্ডে ওই টেস্টের মূল্য ১২০০ টাকা উল্লেখ রয়েছে বলে তিনি সিসি নিউজকে জানান।
পরে ভুক্তভোগী ওই রোগীকে ল্যাব কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা ফেরত দেন। কিন্তু এমন অপরাধের জন্য ভ্রাম্যমান আদালতের বিচারক ল্যাব কর্তৃপক্ষকে ১১ হাজার টাকা জরিমানা করেন।
উল্লেখ্য যে, টেস্টে মেহেদী হাসান নামে ওই রোগী ডেঙ্গু আক্রান্ত বলে নিশ্চিত করেছে চিকিৎসক ডা. শেখ নজরুল ইসলাম।