জয়পুরহাট, ৭ আগষ্ট ।। জেলার সদর উপজেলার ভাদসা-হরিপুর বাঁধ এলাকা থেকে আব্দুর রহিম নামে এক ভ্যানচালকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট সদর থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। নিহত আব্দুর রহিম নওগাঁর ধামইরহাট উপজেলার মুকিন্দিপুর গ্রামের মৃত মজিরুদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, আব্দুর রহিম প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে গেলেও আর ফেরেননি।
অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পাশাপাশি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়ায় রাতেই স্বজনরা ধামইরহাট থানায় বিষয়টি অবগত করেন।
বুধবার সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে।
ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ব্যাপারে আব্দুর রহিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।