খেলাধুলা ডেস্ক: স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে প্রথম দিনের খেলা শেষ করেছে সফরকারী শ্রীলঙ্কা। দিন শেষে কোন উইকেট না হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৬০ রান।
ক্রিজের এক প্রান্তে ২৮ রান নিয়ে দিমুথ করুনারত্নে ও অপর প্রান্তে ৩০ রান নিয়ে কৌশল সিলভা মঙ্গলবারের খেলা শুরু করবেন।
রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার সকালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। সকালে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে মাত্র ২৩২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
দলের পক্ষে অধিনয়াক মুশফিকুর রহিম ও অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়া আর কেউই পঞ্চাশের কোটা পেরুতে পারেননি।
এই টেস্টে বাংলাদেশের ৭১তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে শামসুর রহমানের। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে বাদ দিয়ে তিন পেসার নিয়ে এই টেস্টে মাঠে নেমেছে টাইগাররা।