নোয়াখালী, ২৩ ডিসেম্বর।। নোয়াখালীর চাটখিল উপজেলার হাঁটপুকুরিয়া এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মনির হোসেন প্রকাশ কসাই মনির নিহত হয়েছেন। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, এলাকার চিহিৃত মাদক কারবারি ও সন্ত্রাসী মনিরকে রবিবার (২২ ডিসেম্বর) গ্রেফতার করা হয়। রাতে মনিরের দেয়া তথ্য মতে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য তাকে নিয়ে হাঁটপুকুরিয়ার গণি মিয়ার দরজা এলাকায় অভিযান চালানো হয়। এসময় তার সহযোগীরা পুলিশের কাছ থেকে কসাই মনিরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে মনির ঘটনাস্থলে নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কসাই মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে।