সিসি ডেস্ক, ২৭ ডিসেম্বর।। রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজধানী বিভিন্ন এলাকায় এ বৃষ্টি হয়। সদ্য মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। যশোরে ৫ মিলিমিটার, গোপালগঞ্জে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকা, ফরিদপুর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও মোংলায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দিন দিন তাপমাত্রার অবনতি হতে থাকবে। শুক্রবার দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। পরবর্তী দু্দিনের প্রথম দিকে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে ময়মনসিংহ, রাজশাহী, নওগাঁ ও সিরাজগঞ্জ অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দেশের উত্তরাঞ্চলের রাতের তাপমাত্রা কমবে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই বছরের মধ্যে সর্বনিম্ন। এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫, ময়মনসিংহে ৯ দশমিক ৪, চট্টগ্রামে ১৩ দশমিক ৫, সিলেটে ১২ দশমিক ৪, রাজশাহীতে ১০, রংপুরে ৯ দশমিক ৫, খুলনায় ১৪ ও বরিশালে ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।