সিসি ডেস্ক।। অবশেষে বাংলাদেশে ৩ জন কভিড-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ৩ জনের মধ্যে দুইজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। আর তাদের মধ্যে একজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি আরো জানান, আক্রান্ত ঐ তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। আমরা আশঙ্কা করছি না আরো ছড়িয়ে পড়বে এই ভাইরাসটি। তবে প্রত্যেকের মাস্ক পরে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই।
এ সময় পরামর্শ দিয়ে তিনি বলেন, কভিড-১৯ প্রতিরোধে প্রয়োজন না হলে জনসমাগমে যাবেন না। কভিড-১৯ প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এমনকি আইসোলেশেন ইউনিটও করা হয়েছে।
মীরজাদী সেব্রিনা বলেন, বাংলাদেশে কভিড-১৯ ছড়িয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। আর সে কারণেই স্কুল-কলেজ বন্ধ করে দেয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হয় করোনাভাইরাসের (কভিড-১৯)। এর পরে চীনের অন্যান্য প্রদেশও এবং বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটি।। এর আগে ভারত ও পাকিস্তানে কভিড-১৯ আক্রান্ত রোগী পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে রোগী শনাক্ত হওয়ার ঘটনা এটিই প্রথম।