ঢাকা, ১৭ মার্চ ।। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার কর্মসূচি চালু করতে যাচ্ছে। মঙ্গলবার থেকে ডিএনসিসির ২৫টি স্পটে মাসব্যাপী এ হাত ধোয়া কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, ১৭ মার্চ বেলা ১১টায় গুলশান-২ নম্বর ডিএনসিসি মার্কেটের সামনে (ওয়েস্টিন হোটেলের বিপরীত পাশে) উদ্বোধন করা হবে।
জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডিএনসিসির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম, প্যানেল মেয়র জামাল মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ।
এদিকে সোমবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, দেশে আরো তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্ত হয়েছেন মোট আটজন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৫১৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এখন পর্যন্ত ১৫৭টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬০ এবং সেখানে মারা গেছে ৩ হাজার ২১৩ জন।
চীনের পর করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইতালিতে। সেখানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭৪৭ এবং মারা গেছে ১ হাজার ৮০৯ জন। দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৯০।
এরপরেই রয়েছে ইরান। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯৩৮ এবং মৃতের সংখ্যা ৭২৪। অপরদিকে দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৩৬ এবং মৃতের সংখ্যা ৭৫।
স্পেনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮৪৫ এবং মৃতের সংখ্যা ২৯২। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮১৩ এবং মারা গেছে ১১ জন।
ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪২৩ এবং মারা গেছে ১২৭ জন। অপরদিকে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৭৩ জন এবং মারা গেছে ৬৯ জন।
মালয়েশিয়ায় এই ভাইরাসে নতুন করে আক্রান্ত ১৯০। ফলে দেশটিতে এখন পর্যন্ত ৪২৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে কাতারে আক্রান্তের সংখ্যা ৪০১, সৌদি আরবে ১১৮, ভারতে আক্রান্তের সংখ্যা ১১২ এবং মারা গেছে ২ জন।
সংযুক্ত আরব আমিরাতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৮। ওমানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২ এবং মারা গেছে ২ জন।