আন্তর্জাতিক ডেস্ক, ১৮ মার্চ ।। স্বাস্থ্য দফতরের কর্তারা যা আশঙ্কা করেছিলেন, তা সত্যি হল। এ রাজ্যের প্রথম নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান মিলল মঙ্গলবার। লন্ডন থেকে মুম্বই হয়ে কলকাতায় আসা ১৮ বছরের এক তরুণের দেহে ‘কোভিড-১৯’-এর অস্তিত্ব মিলেছে। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘‘ওই তরুণের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়েছে। তাঁর সংস্পর্শে আসা দ্বিতীয় কেউ যাতে আক্রান্ত না-হন, সেই চেষ্টা চালানো হচ্ছে।’’ ওই তরুণকে বেলেঘাটা আইডিতে এবং তাঁর বাবা, মা ও গাড়ির চালককে রাজারহাটে কোয়রান্টিনে রাখা হয়েছে।
রবিবার ভোর ৩টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া। সপ্তাহখানেক আগে লন্ডনে একটি পার্টিতে গিয়েছিলেন তিনি। পার্টিতে হাজির তাঁর এক বান্ধবীর সম্প্রতি কোভিড-১৯ ধরা পড়েছিল। সে-দিন তাঁর সঙ্গে নেচেছিলেন ওই তরুণ। সূত্রের খবর, অক্সফোর্ড থেকে তরুণের পরিবারকে জানানো হয়, পার্টিতে থাকা এক জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছে। সেই জন্য ওই তরুণকে তাঁর নমুনা পরীক্ষা করতে বলা হয়। এর পর সোমবার দুপুরে এম আর বাঙুর হাসপাতালে যান ওই তরুণ। স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলে তৎক্ষণাৎ তাঁকে আইডিতে ভর্তি হওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্ট চিকিৎসক। সেই মতো আইডি-তে বিশেষজ্ঞ চিকিৎসকেরা হাজির ছিলেন। কিন্তু বিকেল পর্যন্ত অপেক্ষা করেও তরুণের দেখা মেলেনি। এর পরে ফোনে যোগাযোগ করা হলে তাঁর মা (যিনি রাজ্য সরকারের এক জন আমলা) চিকিৎসকদের জানান, মঙ্গলবার সকালে তিনি ছেলেকে নিয়ে আসবেন।
প্রশ্ন হল, মুম্বই বা কলকাতা বিমানবন্দরের স্ক্রিনিংয়ে তরুণের দেহে করোনার উপস্থিতি ধরা পড়ল না কেন? কেন তিনি সোমবার আইডিতে গেলেন না, প্রশ্ন উঠেছে তা নিয়েও।
সূত্র: আনন্দবাজার