সিসি নিউজ, ২২ মার্চ ।। আতঙ্কিত নয়, করোনাভাইরাস মোকাবিলায় সচেতন হোন। এই স্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে সৈয়দপুর থানা পুলিশ। এ লক্ষ্যে আজ শনিবার শহরের বিভিন্ন মোড়ে মোড়ে করোনা ভাইরাস সম্পর্কে যা যা করণীয় এ সম্পর্কে হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে পথচারীদের সচেতন করে ওসি আবুল হাসনাত খান । থানা পুলিশের এমন উদ্যোগ এরইমধ্যে সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খানের নেতৃত্বে পুলিশের কয়েকটি দল শহরের মোড়ে মোড়ে করোনা সম্পর্কে লিফলেট বিতরন ও হ্যান্ড মাইকের মাধ্যমে সচেতন করান। এ সময় পুলিশ করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে সাবান দিনে ঘন ঘন হাত পরিস্কার ও মাস্ক ব্যবহারের প্রতি জনগণকে উৎসাহিত করা হয়। করোনা নিয়ে কেউ যেন সমাজে বিভ্রান্তি ছড়াতে না পারে সে জন্য সবাইকে পরামর্শ দেন ওসি।
ওসি আবুল হাসনাত খান বলেন, বিদেশ থেকে যারা আসছেন, তারা যদি ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরা করেন তাদের সম্পর্কে পুলিশকে জানানোর জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ করেন।