বিরামপুর (দিনাজপুর), ৩১ মার্চ ।। দিনাজপুরের বিরামপুরে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় পুলিশের দুই এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ৩ রাউন্ড গুলি, ৩টি গুলিখোসা, ১টি হাসুয়া, ২টি ছোঁড়া, ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাতে উপজেলার মিরপুর মাঠের পাশে একটি বাগানে এই ঘটনা ঘটে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির।
ওসি বলেন, ভারতীয় সীমান্ত এলাকা থেকে একদল মাদক কারবারি মাদক নিয়ে আসছেন এমন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরপুর মাঠের পাশে একটি বাগানে অবস্থান নেয় পুলিশ।
এসময়, মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে মাদক কারবারিদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন।
এ ঘটনায় পুলিশের এএসআই শাহাজাহান, এএসআই নিরঞ্জন এবং কনস্টেবল দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।