কাহারোল (দিনাজপুর), ২৩ এপ্রিল।। দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, করোনা ভাইরাসের মহামারির পরও মানুষকে খাদ্য খেয়ে বেঁচে থাকতে হবে। আর এই খাদ্য উৎপাদন করবেন কৃষক সমাজ। এই কৃষক সমাজকে বাঁচিয়ে রাখতে ও খাদ্য উৎপাদনে কৃষক সমাজকে উৎসাহিত করতে এবং কৃষি পণ্যের অভাবকে দুর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষক সমাজকে ধান কাটা, মাড়াইয়ের মেশিন প্রদান করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কাহারোল উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি মন্ত্রনালয়ের পরিচালনা বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণকালে এমপি গোপাল এসব কথা বলেন। এ সময় উপজেলার মো. হুসাইন আলী ও হীরা লাল রায়কে কম্বাইন হার্ভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. নুর হাসান, কোম্পানির পক্ষে দি মিটালি প্রাঃ লিঃ ও আবেদীন ইকুইপমেন্ড লিঃ পক্ষে উপস্থিত ছিলেন, রিজিওনাল ম্যানেজার আবুল কালাম মন্ডল ও কেরিটোরী ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম।