সিসি নিউজ, ০৪ মে ।। নীলফামারীর সৈয়দপুরে একটি মামলা দায়ের করার কারণে বিমাতা ভাইদের অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছে ইটভাটায় কাজ করা এক শ্রমিক পরিবার। ওই পরিবারটিকে উচ্ছেদে প্রতিপক্ষ বিভিন্ন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ মিলেছে।
জানা গেছে, উপজেলার হাজারীহাট খিয়ারপাড়া এলাকার নিরহ দিনমজুর মোঃ জাকির হোসেন স্ত্রী-সন্তান নিয়ে পৈত্রিক ভিটায় বসবাস করেন। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে তারই বিমাতা ভাই আলীম ওরফে গেদা, মোঃ লেবু ও মোঃ শুকারু মামুদ, গেদার ছেলে মোঃ সাজন ইসলাম, গেদার স্ত্রী শেফালী বেগম, লেবুর স্ত্রী মঞ্জুয়ারা, শুকারুর স্ত্রী লাভলী পরিবারটিকে উচ্ছেদের জন্য মরিয়া হয়ে উঠেছে।
গত ২৮ এপ্রিল সকালে গেদার ছেলে সাজন কোদাল দিয়ে জাকির হোসেনের উঠোনে গর্ত তৈরি করতে গেলে বাধা দেয় জাকিরের ছেলে আদর ইসলাম। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে জাকির হোসেন তার পরিবারকে নিয়ে ঘরে ঢুকে। কিন্তু প্রতিপক্ষের লোকবল বেশি হওয়ায় তারা দলবদ্ধ হয়ে জাকির হোসেনের বাড়িতে এসে হামলা চালায়। শাবলের আঘাতে ওই বাড়ির দরজা ও টিনের চালা ভাঙ্চুর করে।
সরেজমিনে গেলে প্রতিবেশী আবু নাসর মোঃ নুরল হক ওরফে বুলবুল জানান, জাকির হোসেন নিরহ লোক। কিন্তু প্রতিপক্ষ শক্তিশালী হওয়ায় নানান ছুঁতোয় ঝাগড়া বাঁধানোর চেষ্টা করে থাকে।
প্রতিবেশী মিজানুর, লাজু, আবু হোসেন ও আব্দুল খালেক জানান, ২০১৮ সালের একটি মামলাকে কেন্দ্র করেই প্রতিপক্ষের লোকজন জাকির হোসেনের পরিবারকে প্রায়ই অত্যাচার করে। জাকিরের স্ত্রী ফারজানা ও ছেলে মিষ্টার আলীকে হত্যা চেষ্টার অভিযোগে প্রতিপক্ষের উল্লেখিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলা নম্বর ৪৪৫/১৮। ওই মামলার বাদী ছিলেন জাকির হোসেনের শ্যালক মোঃ আব্দুল খালেক।
ঘটনার সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে তদন্তকারী কর্মকর্তা ইতোমধ্যে মামলাটির সরেজমিন প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। মামলাটি চূড়ান্ত পর্যায়ে আসায় প্রতিপক্ষ মরিয়া হয়ে উঠেছে বলে তারা দাবী করেন।