চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় প্রথম দুই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৭ই মে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে দিনাজপুর সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। শনাক্ত হওয়া রোগীর একজনের বাড়ি চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়বাউল গ্রামে ও অপর আরেকজন পুন্ট্রি ইউনিয়নের দৌলতপুর গ্রামের বসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজমল হক জানান, আক্রান্ত ব্যাক্তির একজন দীর্ঘ দিন যাবত ঢাকা গাজীপুরের একটি গার্মেসে চাকুরী করতেন। সে ঢাকা থেকে দুইদিন আগে বাড়ি চিরিরবন্দরে ফিরেছেন। অপর আরেকজন সৈয়দপুর শাখার একজন ব্যাংক কর্মকর্তা । তিনি দীর্ঘদিন যাবত দিনাজপুর সদরের বালুবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। কিন্তু তার গ্রামের বাড়ি চিরিরবন্দরে।
তাদের দুইজনের শরীরে করোনার সকল উপসর্গ থাকায় তারা নিজেই গত ৬ই মে বুধবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল পিসিআর ল্যাবে নমুনা পরিক্ষা করান। তাদের স্বাস্থ্যসেবা দিতে স্বাস্থ্য কর্মীদের পাঠানো হয়েছে এবং তাদের বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।
আউলিয়াপুকুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো.হাসিবুর রহমান ও পুন্ট্রি ইউনিয়নের ইউপির চেয়ারম্যান কামাল হোসেন জানান, আক্রান্ত দুই ব্যাক্তির বাড়িতেই গ্রাম পুলিশ দিয়ে তাদের বাড়ি লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে।