লালমনিরহাট, ১৩ মে ।। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মো. শরিফুল ইসলাম নামে একজন কলেজ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। তিনি পাটগ্রাম আদর্শ কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ও স্বাস্থ্য বিভাগের গ্রহণ করা পদক্ষেপের তিনি বিরোধিতা করছিলেন। এ বিষয়ে তিনি অপপ্রচার চালাচ্ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
সূত্র জানায়, শরিফুল ইসলামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ ভেন্ডাবাড়ি পলাশী গ্রামে। তিনি পাটগ্রাম আদর্শ কলেজে প্রায় ১৫ বছর ধরে শিক্ষকতা করছেন। থাকেন পাটগ্রাম পৌসভার ৯ নং ওয়ার্ডের মির্জারকোর্ট এলাকার ভাড়া বাসায়।
গত সোমবার শরিফুল ইসলাম নিজের ফেসবুক ওয়ালে ‘ওপেন চ্যালেঞ্জ টু এভরিবডি’ শিরোনামে লেখা দেন। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য সতর্কতা ইসলাম ও ঈমান আমলের উপর বড় আঘাত বলে তিনি দাবি করেন। এমনকি স্যানিটাইজার, মাস্ক ব্যবহারসহ বিভিন্ন কাজ সঠিক নয় বলেও তিনি প্রচার চালান। নিজেকে কেমিস্ট দাবি করে তার দেয়া চ্যালেঞ্জ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
মঙ্গলবার রাতে পাটগ্রাম থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে শরিফুল ইসলামকে। তাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করতে আসামি নানা অপপ্রচার চালাচ্ছিলেন। এ বিষয়ে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।