কুষ্টিয়া: কুষ্টিয়ায় বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের কবুরহাট কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাথী (৮) শহরের কবুরহাট এলাকার আকবর আলীর মেয়ে। সে ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাথী শহরতলীর কবুরহাট কদমতলা এলাকায় রাস্তা পারাপারের সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।