নিউজ ডেস্ক : রাজধানীর লালবাগে এক যুবককে হিজড়া বানানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ওই যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
শুক্রবার রাতে লালবাগ শহীদ নগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ, স্থানীয় হিজড়াদের একটি দল যুবক রায়হানের পুরুষাঙ্গ কেটে হিজড়া বানানোর চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে টাকা ও গয়না নিয়ে যায়।
জানা গেছে, শুক্রবার রাতে রায়হানকে জোর করে তুলে নেয়ার চেষ্টা করে ওই এলাকার হিজড়া নামধারী হাকিম ওরফে হাসু নামের এক হিজড়া দলের নেতা। এই হাসু দিনে স্বাভাবিক পুরুষের আচরণ করলেও রাতে বেশভুষা পাল্টে হিজড়া বনে যান বলে অভিযোগ রয়েছে। এই গ্রুপের বেশ কয়েকজনের বিরুদ্ধে হিজড়া বেশে রাতে ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে।
হাসপাতালে রায়হান জানান, শুক্রবার রাতে হাকিম ওরফে হাসু, সুমন ওরফে সুমনি, কাকন ওরফে রিয়া, বিল্লাল ওরফে বিলকিস, আলমগীর ও চামেলিসহ ১০/১২জনের একটি গ্রুপ তাদের বাসায় হামলা চালায়। তারা রায়হানকে তুলে নিয়ে হিজড়া বানাতে চায়। তাদের এই অনৈতিক দাবি মেনে না নেওয়ায় রায়হানের ভাবি (চার মাসের অন্ত:সত্বা) শারমিন, আরেক ভাবি সাদিয়া (এক মাসের অন্ত:সত্বা) বাবা বুলু মিয়া, মা ইয়াসমিনের ওপর হামলা চালায়।
এ সময় হিজড়া নামধারী দুর্বৃত্তরা রায়হানের পুরুষাঙ্গ কেটে নেওয়ার চেষ্টা করে। তাদের বাঁধা দিলে বাসায় ব্যাপক লুটপাট চালায়। ওই বাসা থেকে নগদ ১৫ হাজার টাকা এবং ২০হাজার টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা রায়হানসহ আহতদেরউদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রায়হান ছাড়া সবাই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। তবে দুই অন্ত:সত্বা গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রায়হানের পরিবার আবারও হাসু হিজড়া গ্রুপের হামলার আশঙ্কা করছেন । এদিকে, স্থানীয় অপর একটি সূত্র জানিয়েছে, পরিবারের অস্বচ্ছলতার কারণে রায়হানও জুই নাম নিয়ে হিজড়াদের সঙ্গে চলাফেরা করোতা। তবে সে স্বাভাবিক যুবক।
এ ব্যাপারে লালবাগ থানা পুলিশ জানায়, হিজড়াদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকে। তবে রায়হানের পুরুষাঙ্গ কেটে নেওয়ার চেষ্টার ব্যাপারে একটি অভিযোগ করা হয়েছে।