সিসি নিউজ, ১৫ আগষ্ট ।। নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্বীর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
আজ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি এবং আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
এরপর সকাল ৯টায় জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে স্বাধীনতার মহনা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পৃস্পস্তবক অপর্ণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানো হয়। প্রথমে রাস্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম)। এর পর শ্রদ্ধা নিবেদন করেন জেলার আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠন সমূহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে এক মিনিট নিরবতা পালন এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। সব শেষে সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.হাফিজুর রহমান চৌধুরী,পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম), জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমূখ।
এছাড়াও সকাল ১০টায় জেলা শিশু একাডেমীর আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনাতনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সকাল সাড়ে ১১টায় জেলা সরকারি শিশু সদনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অপর দিকে বাদ যোহর জেলার সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে জেলার সকল মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে।