সিসি ডেস্ক, ২২ আগষ্ট ।। ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় একটি প্রাইভেটকারের চালকসহ ছয় যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভালুকা ডিগ্রি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল নোমান জানান, নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ নারী ও ১ শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী প্রাইভেটকারটি ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও পাঁচ যাত্রী নিহত হন।