সিসি ডেস্ক ।। পাবনা শহরের অনন্তবাজার এলাকায় চাঁদা আদায় এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলি ও ছুরিকাঘাতে বকুল শেখ (৪০) নামের এক ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি মেম্বার) নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে আরও ১০ ব্যক্তি আহত হন।
শুক্রবার রাতে সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। নিহত বকুল শেখ পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের নং ওয়ার্ডের মেম্বার ছিলেন।
পাবনা থানার ওসি মোহাম্মদ নাছিম আহম্মেদ জানান, শহরের অনন্তবাজার এলাকার ট্যাম্পু ও সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়কে কেন্দ্র করে মোখলেছ প্রামানিক গ্রুপ এবং বকুল শেখ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মোখলেছ প্রামানিক গ্রুপকে চাঁদা আদায় করতে বাধা দেন বকুল মেম্বারের নেতৃত্বে একদল যুবক। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মোখলেছ প্রামানিকের লোকজন গুলি করলে ও ধারালো অস্ত্র দিয়ে কোপালে বকুল শেখ ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, সংঘর্ষে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।