জয়পুরহাট প্রতিনিধি।। চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরুসহ উল্লেখযোগ্য পরিমান মাদকদ্রব্য আটক করেছে (জয়পুরহাট-২০ বিজিবি) সদস্যরা। ভোর রাত থেকে চলা এ অভিযানে জয়পুরহাট ও দিনাজপুরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব জব্দ করা হয়।
(জয়পুরহাট-২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ স্থানীয় সাংবাদিকদের জানান, হিলিসিপি ও ঘাসুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিজস্ব গোওয়েন্দা সূত্রের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দিনাজপুরের বিরামপর উপজেলার রনগাঁও পাঁকা রাস্তার উপর ফেন্সিডিল-৭১ বোতল ও মোঃ রফিকুল ইসলাম নামে এক জনের দেহ তল্লাশী করে তার নিকট হতে ভারতীয় ফেন্সিডিল-০৬ বোতলসহ তাকে আটক করেন। আটককৃত রফিকুল ইসলাম দিনাজপুর বিরামপর উপজেলার দক্ষিন দামুদরপুর গ্রামের মৃত সজতুল্লাহ্র ছেলে।
অপর এক অভিযানে একই সদস্যরা একই উপজেলার চৌঘরিয়া মাঠের মধ্যে থেকে ০৬টি ভারতীয় গরু মালিকবিহীন অবস্থায় আটক করেন।
অপর আর এক পৃথক অভিযানে জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা পাঁচবিবি’র কয়া সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গাঁজা-০৩ কেজি, ভারতীয় বিবিধ মালামাল-০৩ প্রকার, ফেন্সিডিল-১০২ বোতল এবং মদ-০৫ বোতল আটক করতে সক্ষম হয়।
ফেরদৌস হাসান টিটো আরও বলেন বিভিন্ন এলাকা থেকে আটককৃত গরু ও উল্লেখযোগ্য পরিমান মাদকদ্রব্য চোরাকারবারীরা ভারত থেকে আনছিলেন, যার সিজার মূল্য ১৩,৭৫,৪৫০/- (তের লক্ষ পঁচাত্তর হাজার চারশত পঞ্চাশ টাকা)।
বিরামপুর রনগাঁও থেকে আটককৃত রফিকুল ইসলামকে মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও চোরাচালান বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।