সিসি ডেস্ক: বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা প্রদর্শনে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে স্থায়ীভাবে প্রদর্শনের অনুমতি দিতে যাচ্ছে বাংলাদেশ সরকার। ভারত সফরে থাকা সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে উদ্ধৃত করে এ খবর প্রকাশ করেছে কলকাতার পত্রিকা সংবাদ প্রতিদিন। এসময় তার সাথে ছিলেন কলকাতার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আসাদুজ্জামান নুর বলেন, প্রায় চারদশক? আগে একটা প্রেক্ষাপটে সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশে ভারতীয় ছায়াছবি ঢুকবে না। তখন যারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা ভেবেছিলেন, ভারতীয় ছবি আসতে না দিলে বাংলাদেশের সিনেমা দর্শকরা বেশি দেখবেন। সেই সিদ্ধান্ত যে আজকের বাস্তবতায় দাঁড়িয়ে ভুল তা আমরা বুঝতে পারছি।
তিনি বলেন, এখন সিডি-ডিভিডি করে সব বলিউড-টলিউড সিনেমা দ্রুত পৌঁছে যাচ্ছে। ভারতীয় টিভি চ্যানেল চালিয়ে ঘরে বসে হিন্দি-বাংলা সব সিনেমা দেখছে। তাই ভারতীয় ছবি প্রবেশে বাধা দিয়ে আমরা কার্যত কূপমণ্ডকতার পরিচয় দিচ্ছি।
দুই বাংলার ছবির মধ্যে সুস্থ-প্রতিযোগিতা হলে মান ও উৎকর্ষতা দুইই বাড়বে, উপকৃত হবে বাংলাদেশের চলচ্চিত্র।
প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের পাবনার বাড়ি অধিগ্রহণ করে একটি আন্তর্জাতিক সংগ্রহশালা তৈরি করার উদ্যোগে নিয়েছে বাংলাদেশ সরকার বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী।
নূর বলেন, সংগ্রহশালাটি সমৃশালী ও আকর্ষণীয় করতে ভারত সরকার তথা মুনমুন সেন-দের সাহায্য ও সহযোগিতা চাই।
বিষয়টি নিয়ে আইনি জটিলতা মিটে গেলে ফের কলকাতায় এসে মুনমুন সেনদের সঙ্গে যোগাযোগ করব। কথা বলব, সুচিত্রা সেনের সঙ্গে যারা কাজ করেছেন তাদের সঙ্গেও। আমরা চাই দুই বাংলার সংস্কৃতির একটি মিলনকেন্দ্র হিসাবে গড়ে উঠুক ওই বাড়িটি?