সিসি নিউজ ডেস্ক ।। সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। এ কারণে গত রোববার (৭ মার্চ) কোনো ধরনের অনুষ্ঠানে তিনি যাননি। ওইদিন ঢাকার উদ্দেশে রওনা দিতে প্লেনে ওঠার সময় হাঁপিয়ে পড়েন এবং প্লেনে অসুস্থ অনুভব করায় সেখান থেকে সরাসরি হাসপাতালে ভর্তি হন।
এর আগে মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সচিব জুলহাস আহমদ বলেন, রোববার রাতেই তাকে (মাহমুদ উস সামাদ) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকেলে তার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এই সংসদ সদস্য করোনার টিকা নিয়েছিলেন। তারপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। কয়েক দিন আগে সিলেটের ফেঞ্চুগঞ্জে গিয়েছিলেন তিনি।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মরদেহ শুক্রবার (১২ মার্চ) বেলা ১১টায় হেলিকপ্টারে করে ফেঞ্চুগঞ্জে তার বাড়িতে নেওয়া হবে। একই দিন বাদ আসর জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এই সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।