সিসি নিউজ ডেস্ক ।। বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দুর্নীতি দমন কমিশনে (দুদক) করা অভিযোগের ভিত্তিতে তদন্তে যাচ্ছেন ইউজিসি কর্তৃপক্ষ।
জানা গেছে, আগামী ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ে সরেজমিনে গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে ইউজিসির চার সদস্যের এই কমিটি। ইউজিসি’র তদন্ত কমিটির সদস্য সচিব আমিরুল ইসলাম শেখ এক পত্রের মাধ্যমে হাবিপ্রবির রেজিস্ট্রারকে বিষয়টি অবগত করেছেন।
ইউজিসির ওই পত্রে বলা হয়েছে, কমিশন কর্তৃক গঠিত তদন্ত কমিটি আগামী ১৫ মার্চ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে উপস্থিত থেকে তদন্ত কাজ পরিচালনা করবে।
উল্লেখিত তারিখ ও সময়ে দালিলিক প্রমাণাদি ও প্রক্টরের দায়িত্বসহ ভর্তি পরীক্ষা ২০১৮ এর সহযোগী সদস্য সচিব খালেদ হোসেন, উদ্যানতত্ব বিভাগের প্রফেসর এবং ইন্সটিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) পরিচালক ড. তরিকুল ইসলাম, জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিংয়ের চেয়ারম্যান ড. আবদুল গাফফার, ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার (বর্তমান উপাচার্য, রুটিন ওয়ার্ক) ও প্রফেসর ড. শ্রীপতি শিকদার (পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ), মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান এবং প্ল্যানিং অ্যান্ড উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর মোস্তাফিজুর রহমান, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. ফাহিমা খানম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. ফজলুল হক, কন্ট্রোলার প্রফেসর মিজানুর রহমান, প্রকৌশল শাখার চাঁদ আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) আব্দুর রাজ্জাক, নির্বাহী প্রকৌশলী এবং পরিবহন শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুল ওয়াহেদকে উপস্থিত থাকতে বলা হয়েছে।