জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটের কালাই উপজেলার পূর্ব কৃষ্টপুর গ্রামের চতুর্থ শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় আরিফুল ইসলাম (৩৮) নামে এক প্রাইভেট শিক্ষককে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রস্তম আলী এ রায় প্রদান করেন। আরিফুল ইসলাম জেলার কালাই উপজেলার পূর্ব কৃষ্টপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, ২০১২ সালের ১৩ মার্চ সকালে ওই গ্রামের আরিফুল ইসলাম ৯ বছর বয়সী চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর সময় স্কুল ঘরের দরজা বন্ধ করে দিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টা শিকার ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে ও্ই দিনই কালাই থানায় মামলা করেন। পরে উচ্চ আদালত থেকে জামিন নেন আসামী আরিফুল ইসলাম। এরপর থেকে আসামী পলাতক রয়েছে।
সরকারী পক্ষের আইনজীবী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাডঃ ফিরোজা চৌধুরী বলেন, ধর্ষণ চেষ্টা অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামীকে ১০ বছর কারাদন্ড দেয়া হয়। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় পলাতক ছিলেন আরিফুল ইসলাম।