সিসি নিউজ ডেস্ক ।। অবসরপ্রাপ্ত ৬৮৪ জন শিক্ষক কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ২৭ কোটি ৫ লক্ষ ৭২ হাজার ৮৬৪ টাকা ছাড় করা হয়েছে। রবিবার (২৮ মার্চ) বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়ে এ অর্থ ছাড় করা হয়। বিকালে অবসরপ্রাপ্ত ৬৮৪ জন শিক্ষক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট সচিব অধ্যক্ষ মো. শাহজাহান সাজু এ তথ্য জানান।
শাহজাহান সাজু বলেন, ‘কোভিড -১৯ ভাইরাস আক্রান্ত হয়ে ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন আছি। বাসায় থেকেই অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করছি। আজ রবিবার (২৮ মার্চ) অবসরপ্রাপ্ত ৬৮৪ জন শিক্ষক কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ২৭ কোটি ৫ লক্ষ ৭২ হাজার ৮৬৪ টাকা অনুমোদনের ফাইলে স্বাক্ষর করেছি। আমরা চেষ্টা করছি আজকের মধ্যেই ব্যাংকে ধরাতে। সংশ্লিষ্ট ৬৮৪ জন শিক্ষক কর্মচারীর যার যার ব্যাংক হিসাবে কল্যাণ সুবিধার টাকা জমা হয়ে যাবে। ২০১৯ সালের মে মাসে যাদের আবেদন জমা দেওয়া ছিল তারা এই সুবিধা পাবেন। ২০১৯ সালের জুনের আবেদনের অডিট চলছে।’
অধ্যক্ষ সাজু আরও বলেন, মুজিব জন্মশতবর্ষে আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে আরও ১৫ হাজার আবেদন নিষ্পত্তি অংশ হিসেবে আজ ৬৮৪ জনের আবেদন নিষ্পত্তি করা হলো। কল্যাণ ট্রাস্টে শুধু আর্থিক নয়, জনবল ও নিজস্ব অফিসেরও সংকট রয়েছে। তথাপিও বৈশ্বিক মহামারির শুরু থেকেই মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তীর কথা বিবেচনা করে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের পাওনা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের সকল ছুটি ভোগ থেকে বিরত রয়েছেন। তারা ছুটির দিনে কাজ করে যাচ্ছেন। ফলে গত এক বছরে আমরা রেকর্ড পরিমাণ চেক হস্তান্তর করতে সক্ষম হয়েছি।