সিসি নিউজ ডেস্ক ।। মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে সারাদেশে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান ও অসচ্ছল মানুষকে সহায়তার জন্য ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
বরাদ্দকৃত এই টাকা দিয়ে জেলা প্রশাসকগণ লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে নানা সহায়তা দেবেন।
এর আগে গত রোববার (১৮ এপ্রিল) সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ধাক্কায় ক্ষতিগ্রস্ত কৃষক, দিনমজুর, শ্রমিক, গৃহকর্মী, মোটরশ্রমিকসহ বিভিন্ন পেশার ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তার ঘোষণা দেয়া হয়। এক লাখ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার পাঁচ হাজার টাকা এবং অন্য পেশার প্রায় ৩৫ লাখ ক্ষতিগ্রস্ত পরিবার আড়াই হাজার টাকা হারে ফের নগদ সহায়তা দেবে সরকার।