সিসি নিউজ ।। দুই চাকার বাহনে স্পিড না হলে কি চলে? এর মধ্যে আবার যদি কেউ পিছনে থেকে সামনে চলে যায় তাহলে তো মানাই যায় না । শুরু হলো কম্পিটিশন । এমন বেপরোয়া গতিতে বাইক চালানোর চিত্র এখন নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন সড়কে । ঈদের সময় এ চিত্রটা আরও বেশি লক্ষ্য করা যায়। এতে এ সময় বেড়ে যায় মটরসাইকেল দূর্ঘটনা। বেপরোয়া মটর সাইকেল চালকদের মধ্যে বেশিরভাগই অপ্রাপ্ত বয়স্ক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ উপজেলায় গত এক বছরে সড়কে ২৭টি মটরসাইকেল দূর্ঘটনা ঘটে। এগুলোর মধ্যে অধিকাংশ দুর্ঘটনায় ঘটেছে ঈদুল ফিতর ও ঈদুল আযহায়।
সরেজমিনে শহরের পার্বতীপুর সড়ক, উপজেলা পরিষদ সড়ক ও বিমানবন্দর সড়কশ অন্যান্য পয়েন্টে গিয়ে দেখা যায় উঠতি বয়সের ছেলেরা বেপরোয়া গতিতে চালাচ্ছেন বিভিন্ন মডেলের মটরসাইকেল। এদের বেশিরভাগই ১৪-১৫ বছর হতে শুরু করে ১৭-১৮ বছর বয়সী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহর এবং শহরের বাহিরে ওই সব চালকরা হেলেদুলে ও প্রচন্ড শব্দ করে চালিয়ে বেড়ায় মটরসাইকেল। এমন বেপরোয়া বাইক চালনোর ফলে ওই সকল ব্যক্তিরা যেমন দূর্ঘটনায় পড়ছে তেমনী বিপদের সম্মুখীন হচ্ছে পথচারীরাও। তবে সচেতনমহল ও আইনশৃঙ্খলা বাহিনী দূষছেন অভিভাবকদের।
সৈয়দপুর থানার ট্রাফিক ইনসপেক্টর নাহিদ পারভেজ বলেন, গাড়ীর কাগজপত্র চেককরাকালীন দেখা যায় অধিকাংশ অপ্রাপ্ত বয়সী ছেলেরা তাদের বাবা,বড় ভাই, কিংবা কোন আত্বীয়ের মটরসাইকেল নিয়ে রাস্তায় বেড়িয়েছে। সন্তানদের হাতে মটরসাইকেল তুলে দেওয়ার ব্যাপারে অভিভাবকদের প্রতি সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি।