সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানের যাত্রী সুরাইয়া আক্তার (১৬) নামে এক কিশোরী নিহত হয়েছে। নিহত সুরাইয়া আকতার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর দোবাড়িপাড়া গ্রামের জামাল হোসনের মেয়ে। এ ঘটনায় ওই ভ্যানের শিশুসহ ৪ যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা ৭টায় সৈয়দপুর বাইপাস বসুনিয়াপাড়া মোড় এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর দোবাড়িপাড়া গ্রামের জামাল হোসনের সাবিনা ইয়াছমিন (৪০), ছেলে শাহিন আহমেদ (৭), ভাতিজি সুরভী আক্তার (১৫) ও ভ্যানচালক ওয়াপদা নতুন হাট এলাকার আজাহার আলী (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াপদা পশ্চিমপাড়ায় বিয়ে অনুষ্ঠান শেষে ওই ভ্যানটিতে আট যাত্রী বাড়ি ফিরছিলেন। বসুনিয়াপাড়া মোড়ে এলে একটি মাইক্রোবাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। যাত্রীসহ ভ্যানটি ছিটকে পড়ে। এতে ৫জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মামুনা আক্তার জানান, আহতদের মধ্যে সুরাইয়া আক্তারের বাম পা ও মুখমন্ডল থেতলে গেছে এবং শিশু শাহিন মাথায় মারাত্মক আঘাত পেয়েছে। এদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের পরিবার সূত্র জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যায় সুরাইয়া আক্তার।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।