আলমগীর হোসেন লেবু, তারাগঞ্জ (রংপুর)।। রংপুরের তারাগঞ্জ উপজেলার কৃষকরা মহাসড়ক-সড়ক দখল করে ধান-ভুট্টা মাড়াই ও শুকানোর কাজ করছেন। দেখে মনে হবে এটি সড়ক নয়, যেন ধান কাটা-মাড়াইয়ের চাতাল । এতে প্রায়ই এসব সড়কে দুর্ঘটনা ঘটছে এবং যাতায়াতকারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
গত কয়েকদিনে সরেজমিনে উপজেলা সদর, ইকরচালী, বুড়িরহাট, খিয়ারজুম্মার, ডাংগীরহাট ও চিলাপাকের সড়কগুলোতে ধান-ভুট্টা মাড়াই ও শুকানোর দৃশ্য দেখা গেছে। বুড়িরহাট সড়কের রামপুরা এলাকায় গত মঙ্গলবার খড়ের গাদার কারনে দুপুরে উপজেলার অনন্তপুর গ্রামের বিশ্বনাথ ও আতিকুর রহমান নামে দুজন মোটরসাইকেল আরোহী পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা বলেন, সড়কগুলোতে ধান মাড়াই ও শুকাতে দেওয়ায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। রাস্তায় শুকাতে দেওয়া ভুট্টা ও খড়ের ওপর দিয়ে মোটর-সাইকেল চালাতে গেলে দূর্ঘটনা ঘটে। পাশাপাশি এর ওপর দিয়ে প্রাইভেট কার, যাত্রীবাহী নসিমন-করিমন ও মাইক্রোবাস ব্রেক কষলেই নিয়ন্ত্রণ হারায়।
ওই রাস্তায় ধান শুকাতে ব্যস্ত কৃষাণী ফাতেমা খাতুন বলেন, ‘সবায় তো ধান শুকায়ছে, হামরা শুকাইলে দোষ কী। ক্যানে বাহে হামরা তো রাস্তা বন্ধ করি নাই।’ একই গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, ‘সড়কে ধান শুকানোযে অপরাধ তাকতো হামরা জানি না। আর হামাক কায়ো বাদাও করে নাই।’
অনন্তপুর গ্রামের সোলেমান মিয়া জানান, এ এলাকার অনেক কৃষকেরই বাড়িতে ধান মাড়াই করার ও শুকানোর মতো জায়গা নেই। এ কারনে তাঁরা সড়কেই ধান মাড়াই ও শুকানো কাজ করেন।