দিনাজপুর প্রতিনিধি:- অটোচালক সাবু মিঞার হত্যা সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেফতার দুইজন হলো, শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার মৃত সালাউদ্দিন এর ছেলে সোনা বাবু (২২) ও একই এলাকার আনসার আলীর ছেলে সোহাগ ইসলাম সোহাগ (২৩)।
বুধবার (২৬মে) জেলার ফুলবাড়ী উপজেলায় ছিনতাই করা ইজিবাইক বিক্রির সময় স্থানীয় মেম্বার এর সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানা ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। হত্যার সময় ব্যবহৃত ছুড়ি ও চুরি হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। বিকালে তাদের আদালতে তোলা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ মে ) দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর গ্রাম থেকে ইজিবাইক চালক সাবু মিঞা (৫৫) জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ। সাবু মিঞা (৫৫) নিমনগর শেখপুরা এলাকার মৃত জামাল উদ্দীন ছেলে। তিনি ২৪মে দুপুর ১২ টার দিকে তার অটো নিয়ে বের হয়। পরের দিন(২৫ মে) বিকেল পাঁচটায় রাস্তার পাশে জামালের কলার বাগানে ভ্যান চালক প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কলাপাতা দিয়ে ঢাকা মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।