
দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর সদর উপজেলায় করোনা সংক্রমণের বৃদ্ধি পাওয়ায় আগামি ১৫ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত ৭ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে দিনাজপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি।
রবিবার(১৩ জুন) রাত সাড়ে ৭টায় দিনাজপুর জেলা প্রশাসক কাঞ্চন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে জরুরী সভায় দিনাজপুর সদর উপজেলায় লকডাউনের সিদ্ধান্ত হয়।
এসময় আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, করোন প্রতিরোধ কমিটির সচিব ও সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শরিফুল ইসলাম প্রমুখ, শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি সুজা উর রব চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি স্বরপ বকসী প্রমুখ।
সভায় সিদ্ধান্ত মোতাবেক সদর উপজেলার সকল প্রকার বাজার দোকানপাট জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সদরের ঔষধ, কাঁচাবাজার ও খাদ্যসামগ্রীর দোকান ব্যতিত অন্য সকল দোকান ও মার্কেট বন্ধ রাখার আদেশ দেয়া হয়। মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। সদর উপজেলার সকল প্রকার গণপরিবহন, ইজিবাইকে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র কৃষি, জরুরী সেবা চালু থাকবে। সরকারি স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে অন্যান্য নির্দেশনা মানতে বাধ্য করা হবে।
দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, জীবনের সাথে আমাদের কিছু ক্ষতির শিকার করতে হবে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের প্রণোদনার ব্যবস্থা করা হবে। সবাই যেন ঘরে থাকে সেজন্য প্রশাসনকে কঠোরভাবে নির্দেশনা পালন করতে হবে। আমি মনে করি আগামী সাতদিনের জন্য আমাদের করোণা সংক্রমণে হার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।