সিসি নিউজ ডেস্ক ।। সিলেটের ওসমানীনগরের একটি বাসা থেকে স্কুলশিক্ষিকা তপতী রানি দে (৫৫) ও তার গৃহকর্মী গৌরচান বিশ্বাস ওরফে গৌরাঙ্গের (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওসমানীনগরে দয়ামীর ইউনিয়নের সোয়াইরগাওর এলাকার বাসিন্দা তপতী রানী দে সোয়াইরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং ডা. বিজয় ভূষণ দের স্ত্রী। শনিবার রাতে বাথরুমের জানালা দিয়ে প্রতিবেশীরা গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্যের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পরে রাত ১২টার দিকে ওসমানী নগর থানার উপ-পরিদর্শক নাজমুল হুদা বাসার বাথরুমের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে প্রবেশ করে মেঝেতে তপতী রানী দে’র গলাকাটা মরদেহ ও পাশে গৌরাঙ্গ বৈদ্যর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
পারিবারিক সূত্রে জানা যায়, তপতী রানী দে’র স্বামী ও ছেলেমেয়ে চিকিৎসক। স্বামী ও ছেলের সাথে তিনি সোয়াইরগাঁও গ্রামের বাড়িতে থাকেন। শনিবার বিকেলে স্বামী ও ছেলে প্রাইভেট প্র্যাকটিসে গিয়েছিলেন। সেসময় বাসায় কেবল তপতি ও গৌরাঙ্গ ছিলেন। সন্ধ্যার পর কোনো একসময়ে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, শিক্ষিকা তপতী রানী দে’র স্বামী ও ছেলেমেয়ে চিকিৎসক। স্বামী ও ছেলের সঙ্গে তিনি সোয়াইরগাও গ্রামের বাড়িতে থাকতেন। স্থানীয়দের খবরে পুলিশ বসত ঘর থেকে মরদেহ উদ্ধার করে।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে।