সিসি নিউজ ।। কোভিড-১৯ বিস্তার রোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে নীলফামারীর সৈয়দপুরে ব্যবসায়ীসহ পথচারীদের বিরুদ্ধে ৩৮টি মামলা হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতে ওই মামলাগুলো হয়। এদের মধ্যে ১৯ জনকে ১৫ দিন করে কারাদন্ড ও ১৮ জনকে অর্থদন্ড দেওয়া হয়েছে।
এছাড়া শুক্রবার রাতে সরকার ঘোষিত বিধি নিষেধ না মানায় মোশাররফ হোসেন (২৮) নামে এক মটরসাইকেল চালককে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম জানান, স্বাস্থ্যবিধি ছাড়াই অকারনে অনেকেই বাইরে বের হচ্ছেন। এদের মধ্যে মাক্স পরিধান করেনি এমনও ব্যাক্তি রয়েছেন। এছাড়া সরকারী নির্দেশনা অমান্য করে কিছু ব্যবসায়ী তাঁদের দোকান খুলে রেখেছেন। তাই তাঁদের শাস্তি দেওয়া হয়েছে।
তিনি বলেন, কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়ন নিশ্চিত কররতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সেনাবাহিনীর সদস্য, থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা সহায়তা করেছেন।