সিসি নিউজ ডেস্ক ।। বিপুল পরিমাণ মদ ও বিকৃত যৌনাচার সরঞ্জামসহ র্যাবের হাতে গ্রেপ্তার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। এসময় রাজের ব্যবহৃত দুটি দামি গাড়ি জব্দ করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় সিআইডির দলটি রাজের বাড়িতে অভিযান চালায়। সোমবার সিআইডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে প্রযোজক রাজের বিরুদ্ধে র্যাবের করা বনানী থানার মাদক মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি। সেই মামলায় চার দিন জিজ্ঞাসাবাদের সময় পেয়েছে বাহিনীটি। এছাড়া পর্নোগ্রাফি আইনে হওয়া অপর মামলাটি থানা পুলিশের কাছেই আছে।
সিআইডি জানায়, মাদক মামলা তদন্ত করতে গিয়ে অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে কেনা রাজের দুটি গাড়ির সন্ধান পাওয়া যায়। এরপরই তার বাসায় তল্লাশি চালিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়। বর্তমানে গাড়ি দুটি সিআইডি হেফাজতে নিয়েছে।
গত ৪ আগস্ট রাজের বনানীর বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, বিকৃত যৌনাচার সরঞ্জামসহ প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দুজনের বিরুদ্ধে মাদক মামলা ও রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করে র্যা ব।
মাদক মামলাটি প্রথমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরবর্তী সময়ে সিআইডি তদন্তের দায়িত্ব পায়।
এদিকে সোমবার রাজ, পরীমনি, হেলেনা জাহাঙ্গীর, মডেল দিয়ে অনৈতিক কার্যকলাপের প্রধান সমন্বয়ক মিশুসহ সাতজনের মামলা তদন্ত করতে পুলিশ সদরদপ্তরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে র্যাব।
এলিট ফোর্স র্যাব জানায়, রাজ ব্যবসার পাশাপাশি দেশের বিনোদন জগতে বিচরণ করেন ২০১৪ সালে। এরপর তার সঙ্গে পরিচয় হয় পরীমনির। রাজের হাত ধরেই পরীমনি মাদক সেবনে জড়িয়ে পড়েন।
‘রাজ মাল্টিমিডিয়ার’ কর্ণধার নজরুল ইসলাম রাজ শোবিজ জগতে ক্যারিয়ার শুরুর পর নাটক ও সিনেমা প্রযোজনা শুরু করেন। তার রাজ মাল্টিমিডিয়ার অফিসকে তিনি অনৈতিক কার্যক্রমে ব্যবহার করতেন।