সিসি নিউজ ।। কিশোরগঞ্জ জেলার মিঠামইন থেকে অপহৃত শিমুল রানী বৈষ্ণব (১৭) নামে এক তরুনীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীপাড়ার জনৈক নুরুল ইসলামের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় তরুনীকে অপহরনকারী যুবক রায়হান মিয়াকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
শিমুল রানী বৈষ্ণব কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কালিপুর গ্রামের সুদর্শন বৈষ্ণবের কন্যা। অপহরনকারী রায়হান মিয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাটিয়া নড়াইল গ্রামের আতুয়ার মিয়ার পুত্র।
পুলিশ জানায়, শিমুল রানীর বাড়ির পাশে সরকারী আব্দুল হক কলেজের সন্নিকটে একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মানাধীন বিল্ডিংয়ে রাজমিস্ত্রি হিসেবে কাজ করতো রায়হান। সে সময় রায়হান নিজেকে হিন্দু যুবক পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ওই তরুনীর সাথে।
গত ১০ মে উভয়েই বিয়ে করার লক্ষ্যে পালিয়ে আসে সৈয়দপুরে রায়হানের মামা নুরুল ইসলামের বাড়িতে। তারা মুসলিম শরীয়তে বিয়ে সম্পন্ন শেষে আত্মগোপন করে। ওই ঘটনায় তরুনীর বাবা সুদর্শন বৈষ্ণব নিজে বাদী হয়ে ১৭ মে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করে।
কিশোরগঞ্জ গোয়েন্দা জেলা পুলিশের এসআই মাসুম বিল্লাহ জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামী ও ভিকটিমের অবস্থান চিহ্নিত করা হয়। পরে মঙ্গলবার সৈয়দপুর থানা পুলিশের সহায়তায় ভোর রাতে ভিকটিমকে উদ্ধার ও আসামীকে গ্রেফতার করা হয়। এ অভিযানে গোয়েন্দা শাখার এএসআই মনির হোসেন, শফিকুল ইসলাম ও সৈয়দপুর থানার এএসআই ওবায়দুর রহমান সাথে ছিলেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।