খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামা উপজেলার পশ্চিম গোবিন্দপুর আত্রাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লতিফুর রহমানের বিরুদ্ধে এক নির্মাণ শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে। ঐ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও প্রধান গেট নির্মাণ কাজকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে গত ১২ আগস্ট সকালে। এ ঘটনায় ভুক্তভোগী নির্মাণ শ্রমিক সাদ্দাম হোসেন ঐ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে খানসামা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম গোবিন্দপুর আত্রাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর ও প্রধান গেটের কাজের মান নিয়ে অভিযুক্ত শিক্ষক, এলাকাবাসী ও নির্মাণ শ্রমিকদের মাঝে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। তর্কের ঘটনাটি মোবাইলে ভিডিও ধারন করার অজুহাতে শ্রমিক সাদ্দামকে ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লতিফুর রহমান মারধর করেন।
মারধরের বিষয়টি অন্যের উপর দায় চাপিয়ে অভিযুক্ত সহকারী শিক্ষক লতিফুর রহমান বলেন, আমি সহ এলাকার লোকজন নি¤œমানের কাজ হওয়ায় কাজ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু ঠিকাদারের লোকজন জোর করে কাজ করায় তা বাঁধা দিতে গেলে এ ঘটনা ঘটে।
খানসামা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাকিম চৌধুরী ও সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম শ্রমিক সাদ্দাম হোসেনকে মারধরের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
পশ্চিম গোবিন্দপুর আত্রাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, অভিযুক্ত ঐ শিক্ষক শ্রমিককে মারধরের ঘটনাটি নিঃসন্দেহে খারাপ কাজ। তাঁর উচিৎ ছিল আমাকে কিংবা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও উক্ত প্রতিষ্ঠানের সভাপতি (এডহক) সাখাওয়াত হোসেন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ঘটনাটি শুনেছি। এই ঘটনার সাথে যদি ঐ শিক্ষক জড়িত থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। শ্রমিককে মারধরের ঘটনায় তদন্ত করে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।