সিসি নিউজ।। নীলফামারীতে চলন্ত ট্র্রেনে দূর্বৃত্তের ছুড়ে মারা পাথরের আঘাতে আহত আজমির ইসলামের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর ইসলামিয়া চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: সালেহা সুলতানা চোখের কর্ণিয়ায় অন্ত্রপচার করা হয়।
তিনি জানান, স্বাভাবিক দৃষ্টির জন্য কর্নিয়া স্বচ্ছ থাকা আবশ্যক। স্বচ্ছতার কারণে এর ভেতর দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করে এবং পেছনের রেটিনার ওপর পড়ায় আমরা কোন বস্তুকে দেখতে পাই। আগামীকাল (বুধবার) শিশুটির চোখের অপারেশনের ফলোআপে বিস্তারিত জানা যাবে।
রোববার রাত সাড়ে ৭টায় নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনের হোম সিগনালের কাছে চলন্ত ট্রেনে দূর্বৃত্তদের ছোড়া পাথরে ডান চোখে আঘাত পায় শিশু আজমির। সে খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ নামে আন্তঃনগর ট্রেনে বাবার সাথে ডোমারের দাদা বাড়ি থেকে সৈয়দপুর শহরে ফিরছিল।
আজমিরের বাবা মারুফ ইসলাম জানান, সৈয়দপুর স্টেশনে প্রবেশের সময় জানালার পাশে বসা আজমিরে ডান চোখে ছোঁড়া পাথরটি আঘাত করে। তার চোখ ফেটে রক্ত ঝরতে থাকে। এ অবস্থায় সৈয়দপুর স্টেশনে নেমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা: রাশেদুল ইসলাম মাওলার শরণাপন্ন হলে তিনি উন্নতি চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়ে দেন। বর্তমানে তিনি শিশু আজমিরকে রাজধানীর ইসলামিয়া চক্ষু হাসপাতালের ১২৬ নম্বর কেবিনের ৫ নং বেডে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় সৈয়দপুর স্টেশন মাস্টার ময়নুল ইসলাম নিজে বাদী হয়ে অজ্ঞাত এক ব্যাক্তির নামে মামলা করেছেন বলে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস নিশ্চিত করেছেন।
এদিকে বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর জেলা পুলিশ সুপার সিদ্দিক তানজিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পাথর নিক্ষেপকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হবে। এজন্য মাঠে সাদা পোষাকে পুলিশ কাজ করছে।