নীলফামারী প্রতিনিধি ॥ নোয়াখালী ইস্কন মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দির ও পূজা মন্ডপে হামলা, ভাংচুর এবং হত্যার প্রতিবাদে মানববন্ধব অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে।
সোমবার (১৮ অক্টোবর) জেলা শহরের চৌরঙ্গি মোড়ে সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতারা।
নীলফামারী ইস্কন প্রচার কেন্দ্রের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ওই সংগঠনের সভাপতি ভক্তনাথ গৌরনাথ দাস ব্রক্ষ্মচারীর সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সাধারণ সম্পাদক কীর্তিমান চিত্যানন্দ দাস।
মানববন্ধনে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষ্ময় কুমার রায়, জেলা যুব মহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তি, বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি জুয়েল রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায় প্রমুখ।
জেলা যুব মহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিয়েছেন।
এই দেশে কোন জাতি ভেদাভেদ নেই, সবাই সম্পৃতি নিয়ে বসবাস করছি। কিন্তু একটি গোষ্ঠি স্বাধীনতা বিরোধী আমাদের মেনে নিতে চায় না। তারা আমাদের বাংলাদেশে রাখতে চায় না। এজন্য হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাংচুর, এমনকি প্রতিমা ভাংচুরসহ হিন্দুদের রক্তাক্ত করছে। এটা মেনে নেওয়া যায় না।
মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন সংগঠনের নেতারা।