সিসি নিউজ ডেস্ক ।। কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দুটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি বিমানের ডান ডানায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই গরু দুটি মারা যায়। তবে বিমানে থাকা ৯৪ যাত্রী অক্ষত আছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (BG-438) ৯৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে। গরু দুটির মালিক কে এখনো জানা যায়নি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানটি ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। উৎস: সমকাল