কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ৫টি পাড়ার প্রায় দেড় শতাধিক পরিবার নির্বাচনী সহিংসতার শিকার হয়েছে। সহিংসতায় জড়িতের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন আদেশ আলী, বিবি মরিয়ম, কান্দুরা আলী, ছানারুল ইসলাম ও মহসিন আলী।
তারা জানান, গত ২৯ নভেম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাঈনুল আরেফিন চৌধুরী নিয়াজের (মোটর সাইকেল প্রতীক) লেলিয়ে দেয়া সন্ত্রাসী কর্মী আনারস প্রতীক প্রার্থী শাহিনুর ইসলাম শাহীনের সমর্থকদের বাড়ীতে হামলা চালায়। এ সময় ডাঙ্গারবাড়ীপাড়া, কোরানীপাড়া, গাংবেড়, হাজীপাড়া ও ডাঙ্গাপাড়ার দেড় শতাধিক বাড়ীঘড় ক্ষতিগ্রস্ত হয় । ক্ষতিগ্রস্তরা ভয়ে সেসময় বাড়ী থেকে পালিয়ে যায়।
তারা আরো বলেন, ক্ষতিগ্রস্তদের পক্ষে ৮ জন বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় বুধবার বিকালে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি করছি।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।