তথ্যপ্রযুক্তি ডেস্ক : যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে বই পড়ার মাধ্যমও বদলে যাচ্ছে। কাগজের মলাটে বাঁধাই করা বইয়ের পাশাপাশি এখন ই-বুক বা ডিজিটাল বুকও জনপ্রিয় হয়ে উঠছে। এরই প্রেক্ষিতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান মোবিওঅ্যাপ (একটি ডাটাসফট প্রতিষ্ঠান) ‘বই পোকা’ নামক একটি ডিজিটাল বুক রিডিং অ্যাপ্লিকেশন তৈরি করেছে। আইফোন এবং অ্যান্ড্রয়েডের সকল স্মার্ট ডিভাইসে এই ফ্রি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে বই পড়া যাবে। ‘বই পোকা’ অ্যাপ্লিকেশনটিতে কালজয়ী সব ক্লাসিক বই দেয়া আছে। পাঠকরা সেগুলো বিনামুল্যে পড়তে পারবেন। এছাড়াও একজন পাঠক জনপ্রিয় সব লেখকের বই অ্যাপ্লিকেশনটির ‘ইন-অ্যাপ পারচেজ’ ফিচারটির মাধ্যমে খুব সহজেই ক্রয় করে পড়তে পারবেন। পাঠকদের বই পড়ার অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিতে অ্যাপ্লিকেশনটিতে রয়েছে বুকমার্ক, হাইলাইটার, আন্ডারলাইন, এনোটেশন, পেজ জাম্প, বুক রেটিং-এর মত কার্যকর সব ফিচার। অ্যাপটি ব্যাবহারকারীরা তাদের নিজস্ব পিডিএফ বইয়ের সংগ্রহও খুলতে পারবেন অ্যাপটি থেকে। বইয়ের কোনো একটি পছন্দের অংশ সোশ্যাল শেয়ার ফিচারের মাধ্যমে সামাজিক যোগাযোগের সাইটগুলোতে বন্ধুদের সঙ্গে শেয়ার করার সুবিধাও রয়েছে। প্রকাশক এবং লেখকদের মেধাসত্ত্ব ও রয়্যালটি রক্ষার্থে এবং পাইরেসি ঠেকাতে নির্মাতা প্রতিষ্ঠান মোবিওঅ্যাপ নিজস্ব পিডিএফ রিডার তৈরি করে অ্যাপ্লিকেশনটিতে ডিজিটাল রাইট ম্যানেজমেন্ট (ডিআরএম), দুই স্তরের নিরাপত্তা এবং এনক্রিপশনের ব্যবস্থা করেছে। ‘বই পোকা’ অ্যাপটি ডাউনলোড করা যাবে http://goo.gl/4RMGb9 লিঙ্ক থেকে ।