জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়াল গাড়ী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে হত্যা মামলার রায়ে অপর দুই ভাইসহ তিন জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম ।
দন্ড প্রাপ্ত আসামীরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের তাসেম মন্ডলের দুই ছেলে- শেকেন্দার আলী (৫০), শহীদুল ইসলাম (৪৮) ও পার্শবতী ক্ষেতলালউপজেলার উলিপুর – জিয়ানীপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে বাবু (৪২)।
মামলার সংক্ষিপ্ত বিবরনীতে জানা যায়, আওয়ালগাড়ী গ্রামের তাসেম মন্ডলের ছেলে আবু তাহেরের সাথে তার দুই ভাই সেকেন্দার ও শহীদুলের জমি জমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।
ওই বিরোধের জেরে গত ২০০৭ সালের ১ মার্চ রাতে তার দন্ড প্রাপ্ত দুই ভাইসহ ৪/৫ জন ধারালো অস্ত্র নিয়ে আবু তাহেরের শয়ন কক্ষে প্রবেশ করে। আসামীরা ঘুমন্ত আবু তাহেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে । পর দিন আবু তাহেরের শশুর আশরাফ আলী বাদি হয়ে আক্কেলপুর থানায় মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে, আদালত এ রায় দেন।
তথ্য নিশ্চিত করে রাষ্ট্র পক্ষের আইনজীবি এ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল জানান, এ মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।
অপর দিকে রায়ে অসুন্তুষ্টির কথা জানিয়ে উচ্চ আদালতে আপীলের কথা জানান বিবাদী পক্ষের আইনজীবি এ্যাড. নন্দকিশোর আগরওয়ালা