সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে একই রাতে ৬টি গরু চুরি হয়েছে। বুধবার গভীর রাতে বোতলাগাড়ী ইউনিয়নে দুটি পরিবারে চুরির এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই রাতে ইউনিয়নের উত্তর সোনাখুলী দলবাড়ী পাড়ার মৃত ডাইরকা মামুদের ছেলে মকবুল হোসেনের গোয়ালঘর থেকে ২টি গাভী ও ২টি বাছুর চুরি হয়। এছাড়া ওই রাতেই তাঁর প্রতিবেশি মৃত শমসের আলীর ছেলে রফিকুল ইসলামের গোয়াল ঘরের দরজা ভেঙ্গে বাছুরসহ বিদেশী জাতের একটি গাভী চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। চুরি হওয়া গরুগুলোর মোট আনুমানিক মূল্য ৭ লাখ টাকা বলে জানান গরু মালিকরা। এদিকে গরু চুরি যাওয়ায় মকবুল হোসেনের স্ত্রী আমেনা বেগম গরুর শোকে বারবার অজ্ঞান হয়ে মাটিতে লুঠিয়ে পড়ছেন। মকবুল হোসেন ও রফিকুল ইসলাম জানান, সৈয়দপুর থানায় এ ব্যাপারে পৃথক দুটি লিখিত অভিযোগ করা হবে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, গরু চুরির বিষয়টি তাঁর জানা নেই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।