জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের ধাক্কায় হাজেরা খানম নামে এক মাদ্রাসার শিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের বিহারী পাড়া এলাকায় (জয়পুরহাট-জামালগঞ্জ সড়ক) এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হাজেরা খানম জয়পুরহাট সদর উপজেলার গতনশহর দ্বি-মুখী দাখিল মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ও জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বজলুর রশীদের সহধর্মিণী । তার বাড়ি জেলার পাঁচবিবি পৌর সভার টি এন্ড ন্টি পাড়া মহল্লায়।
ওসি আলমগীর জাহান জানান, মাদ্রাসা শিক্ষিকা হাজেরা খানম ও তার স্বামী মোটরসাইকেল যোগে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। মোটরসাইকেলের গতি একটু বেশি থাকায় পথে জয়পুরহাট-জামালগঞ্জ সড়কের বিহারী পাড়া এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান হাজেরা খানম। এ সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ‘এ ঘটনায় নিহতের পরিবার পুলিশকে অবগত করেনি, অভিযোগও দেয়নি। মারা যাওয়ার সাথে সাথেই স্বজনরা হাজেরার মৃতদেহ নিয়ে পাঁচবিবি নিজ বাড়িতে দাফনের প্রস্তুতি গ্রহন করছেন বলে জানা গেছে। ’